আচমকাই কাজ করছে না এক্স হ্যান্ডেল ৷ ভারতের পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি দেশের গ্রাহকরা এক্স হ্যান্ডেল ব্য়বহার করতে পারছেন না বলে জানা গিয়েছে ৷ ভারতীয় সময় রাত আটটা নাগাদ সমস্যার সূত্রপাত ৷ মোবাইলের পাশাপাশি ল্যাপটপ এবং ডেক্সটপ থেকে টুইটার ব্যবহার করা যাচ্ছে না ৷ সমস্যা ঠিক হতে কতক্ষণ লাগবে তা এখনও স্পষ্ট নয় ৷ ডাউন ডিটেক্টর ওয়েবসাইট জানিয়েছে, সমস্য়ার বিষয়টি তাদের নজরে এসেছে ৷ কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ-সহ ভারতের বিভিন্ন বড় শহরের পাশাপাশি গ্রামের দিকের ব্যবহারকারীও এক্স হ্যান্ডেল পোস্ট করতে পারছেন না ৷ ফেসবুকে অনেকে এই সমস্যার বিষয়টি তুলে ধরেছেন ৷ এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত এক্স কর্তৃপক্ষে তরফে ঘটনার কারণ সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি ৷ কোনও যান্ত্রিক ত্রুটির জেরে এক্স কাজ করছে না নাকি এর নেপথ্য়ে অন্য় কোনও বিষয় আছে তাও এখনও জানা যায়নি ৷ মোবাইল থেকে অ্যাপের মাধ্য়মে এক্স হ্যান্ডেল ব্যবহার করেন এমন উপভোক্তাদের অনেকেই জানিয়েছেন, তাঁরা লক্ষ্য করেছেন আচমকা অ্যাপ্লিকেশনটি লগআউট হয়ে গিয়েছে ৷ দৈনন্দিন জীবনের অনেকটাই এখন সোশাল মিডিয়ায় নির্ভর হয়ে উঠেছে ৷ বিশেষ করে কমবয়সিদের ৷ কিন্তু এর কিছু খারাপ দিকও আছে ৷ এই ধরনের মাধ্যমকে ব্যবহার করে ভ্রান্ত তথ্যও ছড়িয়ে পড়়ছে অহরহ ৷ ঠিক যেমন দিন কয়েক আগে ইরান ও ইজরায়েল-আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার সময় থেকে এক্স-এর মতো মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মগুলিতে AI দ্বারা তৈরি ভিডিয়োর সংখ্যা অনেকটা বেড়ে যায় ৷ সেগুলি দেখে মানুষের মধ্যে ভুল বার্তাও পৌঁছতে থাকে ৷ প্ল্যাটফর্মের স্বচ্ছতা বজায় রাখতে ও ভুয়ো কন্টেন্ট ঠেকাতে নতুন পলিসি চালু করে ইলন মাস্কের সংস্থা এক্স ৷ প্ল্যাটফর্মের তরফে জানানো হয়, যদি কোনও ক্রিয়েটর AI দিয়ে তৈরি করা যুদ্ধের কোনও ভিডিও পোস্ট করেন তাহলে সেই ক্রিয়েটর কোনও টাকা পাবেন না ৷ উল্টে তাঁকে 90 দিনের জন্য X-রেভিনিউ শেয়ারিং মডেল থেকে বের করে দেওয়া হবে ৷ গোটা বিশ্বের সব ব্যবহারকারীদের জন্যই এই পলিসি কার্যকর হবে ৷ সংস্থার নতুন এই পলিসি ঘোষণা করেছেন X-এর প্রডাক্ট হেড নিকিতা বেয়ার ৷