রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সম্ভব ৷ তার জন্য খুব বেশিদিন অপেক্ষাও করতে হবে না ৷ ইউক্রেনের প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক পর এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ দ্রুত শান্তি স্থাপন করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মুখোমুখি বসিয়ে ত্রিপাক্ষিক বৈঠকও করতে চান ডোনাল্ড ট্রাম্প ৷ হোয়াইট হাউজে জেলেনস্কি থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন ট্রাম্প ৷ বৈঠক চলাকালীন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন তিনি ৷ সেখানে ত্রিপাক্ষির বৈঠকে বসা নিয়ে কথা হয় ৷ পরে জেলেনস্কির সঙ্গেও এ নিয়ে কথা হয় ট্রাম্পের ৷ তারপরই ট্রাম্প ঘোষণা করেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ এখনই বন্ধ করা যেতে পারে ৷ তাঁর মনে হয়, জেলেনস্কি এবং পুতিনকে নিয়ে মুখোমুখি বৈঠকে করতে পারলে পরিস্থিতি আরও দ্রুত সমাধানের দিকে যাবে ৷ পাশাপাশি ইউক্রেন যে ন্য়াটোর অংশ হতে পারবে না, সে কথা আগেই জানিয়েছেন ট্রাম্প ৷ এদিন তিনি জানান, ইউক্রেনের নিরাপত্তার জন্য যে ধরনের ব্যবস্থার প্রয়োজন তা করা হবে ৷ ইউক্রেনের নিরাপত্তা সুনিশ্চিত করার কাজ করবে আমেরিকা ৷ জেলেনস্কি বলেন, “আমরা সবাই চাই যুদ্ধের এখনই পরিসমাপ্তি ঘটুক ৷ তার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের নিরাপত্তা নিয়ে যে আশ্বাস দিয়েছেন সেটা খুবই জরুরি ৷” একইসঙ্গে মানবাধিকারের প্রশ্নে ব্যবসা থেকে শুরু করে নানা ক্ষেত্রে ট্রাম্পের সাহায্য চান জেলেনস্কি ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেককে বন্দি করা হয়েছিল ৷ তাঁদের মুক্তির বিষয় নিয়েও কথা হয়েছে এদিন ৷ সবমিলিয়ে যুদ্ধ বন্ধ করার দিকে ‘ইতিবাচক’ পদক্ষেপ নেওয়া শুরু হয়েছিল আলাস্কার ডোনাল্ড ট্রাম্প- ভ্লাদিমির পুতিন বৈঠকে ৷ হোয়াইট হাউজে জেলেনস্কির সঙ্গে আলোচনার পর তা আরও খানিকটা এগিয়ে গেল বলে মনে করছে কূটনৈতিক মহল ৷ ত্রিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে রাশিয়ার সরকারি সংবাদসংস্থা টাস বৈদেশিক বিষয়ে পুতিনের উপদেষ্টা ইউরি উসকভকের সঙ্গে কথা বলেছে ৷ তিনি জানান, ট্রাম্পের সঙ্গে আলোচনায় দুই নেতাই সরাসরি বৈঠকের পক্ষে সওয়াল করেছেন ৷ দু’দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হলে পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে বলে মনে করেন পুতিন ৷ দুজনেরই মনে হয়েছে সরাসরি মতের আদান-প্রদান হলে যুদ্ধ বন্ধ করাপর ক্ষেত্রে থাকা জটিলতার অবসান করা অনেক সহজ হবে ৷

