
কলকাতাঃ আজ প্রজাতন্ত্র দিবসের সকালে রাজ্যপাল জগদীপ ধনকড়ের আমন্ত্রণে সাড়া দিয়ে বিকালে রাজভবনে চা-চক্রে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতিথির আসনে বসে রাজভবনে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানও দেখলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিমুখে কথাবার্তা বললেন রাজ্যপাল এবং তাঁর স্ত্রীর সঙ্গে। এদিন বিকেল ৩.৫৫ রাজভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় একই সময়ে এসে পৌঁছন বিধানসভার অধ্যক্ষ। অনুপস্থিত ছিলেন রাজ্যের অন্য মন্ত্রীরা। অনুষ্ঠানে সমাজের নানা স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গদের আমন্ত্রণ জানানোর রীতি অনেকদিনের। রাজ্য প্রশাসন, বিচার ব্যবস্থা, চিকিত্সক সমাজ, শিক্ষা জগত্, রাজনৈতিক জগত্ সব স্তরের বিশিষ্টদের আমন্ত্রণ জানানোও হয়েছিল। তবে এক ঘন্টার বেশ কিছু টুকরো টুকরো ছবি জুড়ে নিয়ে বলাই যায় এবার রাজভবনের অনুষ্ঠানে উপস্থিতি কম। প্রজাতন্ত্র দিবসের আলোচনা ও চা-চক্র অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া রাজ্যের কোনও মন্ত্রী এদিন উপস্থিত ছিলেন না।


