বুধবার একলাফে নামল ২ ডিগ্রি কমল তাপমাত্রা। কলকাতাতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমল। ফলে সাত সকালে হালকা ঠান্ডার পরিবেশ শহরজুড়ে। দিন কয়েক ধরে ভোরের দিকে খানিকটা ঠান্ডা ভাব থাকলেও বেলা গড়াতেই উধাও হয়ে যাচ্ছিল হিমেল আমেজ। শহরবাসী প্রমাদ গুনছিলেন কবে দেখা মিলবে শীতের। হাওয়া অফিস জানিয়েছিল, সপ্তাহের শেষে তাপমাত্রা কিছুটা হলেও কমবে। পারদ নামবে কলকাতা এবং দুই চব্বিশ পরগণায়। তবে বুধবার সকালেই সেই শীতল আমেজের স্বাদ পেলেন কলকাতাবাসী। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। কলকাতার পাশাপাশি তাপমাত্রা কমেছে পশ্চিমের জেলাগুলিতেও। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলাগুলিতে এদিন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। রাজ্যে ঢুকেছে উত্তর–পশ্চিম ঠান্ডা বাতাস। আর তার জেরেই কমেছে তাপমাত্রা বলে খবর।
