দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল সাত। মঙ্গলবার সকালেও উত্তর-পূর্ব দিল্লির কয়েকটি এলাকায় পাথর ছোঁড়ার খবর মিলেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এবিষয়ে কিছু জানানো হয়নি। মৌজপুর, কর্দামপুরি, চাঁদবাগ ও দয়ালপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত রাতে জরুরি বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আড়াই ঘণ্টার ওই বৈঠকে ছিলেন দিল্লির পুলিস কমিশনার অমূল্য পট্টনায়েক, আইবির প্রধান অরবিন্দ কুমার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা সহ আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক। এদিন এবিষয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে অমিত শাহর।