কলকাতাঃ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখার জেরেই এই বৃষ্টি। তাই জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি যেমন চলবে, সঙ্গে থাকবে দমকা ও ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, উত্তরপ্রদেশের পূর্বভাগ ও বিহার এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত আছে। তার জেরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা তৈরি হয়েছে, যার বিস্তার এই রাজ্য পর্যন্ত। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প উঠে আসছে রাজ্যের স্থলভাগে। ২৪ এপ্রিল পর্যন্ত জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবারও কালবৈশাখী হয় কলকাতা সহ কয়েকটি জেলার বিভিন্ন জায়গায়। মঙ্গলবারও তা অব্যাহত ছিল। আজ বিভিন্ন জায়গায় পরিস্থিতি একই থাকবে।