সিএএ বিরোধী সভায় রাজধানী দিল্লির বিভিন্ন প্রান্তে বন্দুকবাজের হামলা চলেছে। এছাড়া দিল্লির হিংসায় প্রাণ খোয়ান বহু মানুষ। এরই মধ্যে রবিবার কলকাতায় অমিত শাহের সভায় কোমরে বন্দুক গুঁজে হাজির হলেন এক বিজেপি কর্মী। তাঁকে অবশ্য সভাস্থলে ঢুকতে দেয়নি পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই বিজেপি কর্মী সিআরপিএফের প্রাক্তন জওয়ান। তাঁর কোমরে একটি ওয়ান শাটার রিভলবার ছিল। সেই অবস্থাতেই সভাস্থলে ঢুকতে যান তিনি। ওই ব্যক্তির কাছে বন্দুকের লাইসেন্স ছিল। তবে তা দেখিয়েও তিনি সভাস্থলে ঢোকার অনুমতি পাননি। যদিও অমিত শাহের সভায় যোগ দিতে আসা বিজেপি কর্মীদের বাধা দিলে ‘ফল ভালো হবে না’! শাহের সফরের দিনই এমন হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সভাস্থলে বন্দুক নিয়ে কর্মীদের আগমন কি সেই ‘ফল ভালো না হওয়ার’ কারণবশতই? প্রশ্ন তুলছেন অনেকই। যদিও এ নিয়ে বিজেপি নেতারা এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

