কলকাতাঃ একবছর আগেই কোমর বেঁধে ময়দানে নামছে তৃণমূল। আজকে দলের জনসংযোগ আর প্রচারের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার সকালে ৯টা নাগাদ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দলের বিধায়কদের নিয়ে প্রথম বৈঠক করবেন তিনি। পরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা হবে। তৃণমূলের সর্বস্তরের জনপ্রতিনিধি, বুথ থেকে জেলাস্তরের সাংগঠনিক নেতৃত্ব এবং শাখা সংগঠনের বাছাই করা প্রতিনিধি এই সভায় হাজির থাকবেন। এই প্রথম সভার প্রতিনিধিদের জন্য প্রত্যকের নামে নামে বারকোড সম্বলিত আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। অর্থাৎ দলের পক্ষ থেকে দেওয়া আমন্ত্রণপত্র ছাড়া কোনও ভাবেই সভায় অংশ নেওয়া যাবে না। দলের প্রচার কৌশল নির্ধারণে প্রশান্ত কিশোরের পেশাদার সংস্থার সুপারিশ মেনে গত জুলাইতে ‘দিদিকে বলো’ কর্মসূচি চালু করেছিল তৃণমূল। শাসকদলের জনবিচ্ছিন্নতা কাটিয়ে উঠতে পিকের দাওয়াই সদর্থক ভূমিকা নিয়েছে বলেই মনে করে তৃণমূল নেতৃত্ব। একদিকে সংগঠনের স্বচ্ছতা বৃদ্ধি অন্যদিকে জনসম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে এবার দিদিকে বলোর সঙ্গে সঙ্গে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন দলনেত্রী। আগামী বছরের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তার প্রধান উদ্দেশ্য হলেও আসন্ন পুরভোটের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় দলকে এদিন কী বার্তা দেন, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।


