আজ নজরুল মঞ্চে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। সমাবর্তনে আমন্ত্রিতদের মধ্যে যেমন আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই রয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনকার এই অনুষ্ঠানে যাবেন বলে আগেই জানিয়ে দিয়েছিলেন। কারণ, ডি লিট প্রাপক নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে যে শংসাপত্র দেওয়া হবে, তাতে রাজ্যপাল এদিনই সই করবেন। এদিন বিশ্ববিদ্যালয়ের তরফে রেজিস্ট্রার দেবাশিস দাস রাজ্যপালকে গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছেন। এদিকে, শিক্ষামন্ত্রী এই অনুষ্ঠানে থাকবেন কি না, তা নিয়েও একটা অনিশ্চয়তা রয়েছে। কারণ তাঁকে যেভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, তা নিয়ে ঘনিষ্ঠমহলে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন বলে খবর।

