প্রজাতন্ত্র দিবসে কলকাতার নিরাপত্তায় এবার বিশেষ ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে কলকাতা পুলিশকে। গোটা শহরকেই মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার ঘেরাটোপে। পাশাপাশি শহর ও শহরতলিতে কোনও অপ্রীতিকর ঘটনা রোধে হাওড়া ও বিধাননগর পুলিশও এই প্রয়াসে যোগ দিয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশ জানিয়েছে যে প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় শহরের প্রতিটি কোনা সুরক্ষিত রাখতে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হবে। এই জন্য ইতিমধ্যেই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দিনভর পুরো শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি তদারকি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের সময়ও বিশেষ সুরক্ষার ব্যবস্থা করা হবে। আধুনিক অস্ত্রশস্ত্র সহ ছয় জন প্রহরীর গোটা এলাকার নজরদারির দায়িত্বে থাকবেন। পাশাপাশি স্নাইপার রাইফেল সহ পুলিশও পুরো অঞ্চল নিজেদের নজরে রাখবেন। সূত্রের খবর, গোটা এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে প্রায় তিন হাজার পুলিশ। রেড রোড এবং সংলগ্ন অন্যান্য রাস্তাগুলির আশেপাশে একাধিক বাঙ্কারও ইতিমধ্যে বসানো হয়েছে। পাশাপাশি আপদকালীন পরিস্থিতিতে কোনও অপ্রীতিকর ঘটনা সামাল দেওয়ার জন্য তিনটি তিনটি কুইক রেসপন্স টিমও থাকছে বলে জানা যাচ্ছে। একইসাথে ওই দিন প্যারেড দেখতে আসা দর্শকদের জন্য সেখানে ১০ টি পুলিশ সহায়তা বুথও থাকবে বলে জানা যাচ্ছে।

