করোনার জেরে হাওড়া রেড জোন এখন কার্যত সম্পূর্ণ লকডাউন। সোমবার সকাল থেকে কোনও বাজার ও দোকান খোলেনি। অস্থায়ী ভাবে চলা দুধের দোকানগুলিও রাস্তার উপর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাজার বসলেই ভিড় হচ্ছে এই যুক্তিতে বাড়িতে বাড়িতে আনাজ ফেরি করার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। হাওড়া শহর ছাড়াও গ্রামাঞ্চল, বিশেষ করে উলুবেড়িয়াতেও কড়াকড়ি শুরু করেছে পুলিশ। গার্ডরেল দিয়ে বহু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে যেতে দেওয়া হচ্ছে না। হাওড়া পুর এলাকায় বার বার প্রচার করা সত্ত্বেও দোকান ও বাজারে ভিড় লেগে থাকায় রবিবার সব বন্ধ করে দেয় পুলিশ। যাঁরা আনাজ এবং মাছ ও মাংস ফেরি করতে চান থানা থেকে পুলিশ তত্‍ক্ষণাত্‍ তাঁদের অনুমতি দিয়ে দেয়। পুলিশের কড়া নজরদারিতে পাড়ায় পাড়ায় শুরু হয়েছে বাজার ফেরি করা।