সিএএ এবং এনআরসি-র প্রতিবাদে শিলিগুড়িতে মমতার মিছিলে জনজোয়ার

শিলিগুড়িঃ নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি-র ইস্যুতে ফের প্রধানমন্ত্রীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার শিলিগুড়িতে পথে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘হিন্দুস্তানের প্রধানমন্ত্রী হয়ে শুধু পাকিস্তানের কথা বলছেন। কথায় কথায় প্রধানমন্ত্রী বলছেন, পাকিস্তানে গিয়ে চর্চা করুন। এটা আমাদের দেশ, আমরা এ দেশ নিয়েই কথা বলব। আমরা পাকিস্তানের কথা শুনতে চাই না। খাবার, চাকরি চাইলে পাকিস্তানের কথা বলা হচ্ছে’’। তিনি এও বলেন, ‘প্রধানমন্ত্রী ‌কথায় কথায় কেন শুধু্ পাকিস্তানের বিষয় টেনে আনেন?‌ কেন আমাদের দেশের সঙ্গে পাকিস্তানের তুলনা করা হবে?‌ হিন্দুস্তানের কথা বলুন প্রধানমন্ত্রী। কেন্দ্রের মোদি সরকারের কাছে খাবার, চাকরি চাইলেই তারা বলেন, পাকিস্তানে চলে যাও। প্রধানমন্ত্রী কি পাকিস্তানের রাষ্ট্রদূত?‌ আমরা ভারতের কথা শুনতে চাই। আমরা পাকিস্তানের কথা শুনতে চাই না।’ নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নেমে তিনি জোটবদ্ধ হওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শিলিগুড়িতে মিছিল শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এখন একটাই প্রশ্ন, আমাদের ভবিষ্যতের ঠিকানা থাকবে কিনা। সকলে একজোট হোন। এটা দ্বিতীয় স্বাধীনতার লড়াই’’। তিনি এও বলেন, ভোটার লিস্টটা ঠিক করে করুন। ভোটার তালিকায় নাম তুলুন, নাম ভালো করে মিলিয়ে নিন। ভোটার লিস্টে নানারকম গণ্ডগোল করার চেষ্টা চলছে। প্র‌ত্যেক কেন্দ্রীয় মন্ত্রীর কথায় ভুলভ্রান্তি ধরা পড়ছে। বিভ্রান্তি তৈরি হচ্ছে। বিজেপির মিথ্যে কথায় কান দেবেন না।