বিশ্বভারতীর পাঠভবনের আশ্রমে মদ্যপানের অভিযোগ ! পাঠভবনের ব্রহ্ম আশ্রমে মদ্যপানের অপরাধে ৫ জন আবাসিক পড়ুয়াকে সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ । ২ মাসের জন্য ৫ জন পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে । বিশ্বভারতীর পাঠভবনের অধ্যক্ষা বধিরূপা সিংহ বলেন, “একটা শিক্ষা প্রতিষ্ঠান শৃঙ্খলা রাখতে যা করণীয় করা হচ্ছে ৷ সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ ব্রহ্ম আশ্রম হিসাবে পরিচিত বিশ্বভারতী । এখানে মদ্যপান, মাংস খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ । বিশ্বভারতীর কোনও উৎসব, অনুষ্ঠান বা মেলায় মাংসের কোন পদ রন্ধন বা বিক্রয় হয় না ৷ মদ্যপান তো স্বাভাবিকভাবেই নিষিদ্ধ । তাই এই বিশ্বভারতীর পাঠভবনের ৫ জন আবাসিক পড়ুয়াকে মদ্যপানের জন্য সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ।” জানা গিয়েছে, বিশ্বভারতীর পাঠভবন ছাত্রাবাসে ৪ জন দশম শ্রেণির পড়ুয়া মদ্যপান করেছে ৷ আর তা সরবরাহ করেছে দ্বাদশ শ্রেণির এক ছাত্র ৷ এই ৫ জনকেই দু’মাসের জন্য সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ । যদিও এই ঘটনায় পাঠভবন কর্তৃপক্ষ ও ছাত্রাবাসের ওয়াডেনদের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে ৷পাশাপাশি, একটি শৃঙ্খলারক্ষা কমিটিও গঠন করেছে পাঠভবন কর্তৃপক্ষ। কারণ, এর আগেও বেশ কয়েকবার ছাত্রাবাসে নেশার দ্রব্য নিয়ে আসা, সেবন করা এবং তা পান করার অভিযোগ উঠেছিল ৷ তাই এবার কঠোর পদক্ষেপ নিল কর্তৃপক্ষ ।

