উল্টোডাঙা স্টেশন সংলগ্ন সুলভ শৌচালয়ের ভিতর থেকে উদ্ধার মহিলার দেহ। শৌচালয় কর্মী কানু দাস জানান, সোমবার সকাল ৬টা নাগাদ মহিলা এই সুলভ শৌচালয়ে যান। তারপর প্রায় ঘণ্টাখানেক কেটে গেলেও তিনি বেরিয়ে আসেননি। বারবার ডাকাডাকি করা হয় বাইরে থেকে। তাও পাওয়া যায়নি কোনও সাড়াশব্দ। শৌচালয় কর্মী দরজাতেও ধাক্কা দেন। তারপর বাধ্য হয়ে আরেক মহিলাকে ডাকেন, অপর মহিলা দরজায় উঁকি দেন। আর তখনই দেখেন শৌচালয়ের ভিতরেই অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তিনি।
সঙ্গে সঙ্গেই মাণিকতলা থানার খবর দেন তারা। পুলিশও তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ততক্ষণে অবশ্য মহিলার মৃত্যু হয়েছে বলে জানায় হাসপাতাল। ময়নাতদন্তে পাঠান হয় মৃতদেহ। কিন্তু কীভাবে মৃত্যু হল, সে বিষয়ে রয়েছে ধোঁয়াশা। পুলিশের দাবি, ময়নাতদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

