ছত্তিশগড়ের সুকমা জেলায় ৩৩ জন মাওবাদী নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে ৷ শুক্রবার পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণ করা মাওবাদীদের মধ্যে ১৭ জনের জন্য ৪৯ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সুকমার পুলিশ সুপার কিরণ চ্যবন জানান, নীতিহীন, অমানবিক মাওবাদী মতাদর্শ এবং স্থানীয় আদিবাসীদের উপর অত্যাচারের প্রতি হতাশা প্রকাশ করে ৯ মহিলা সহ এই ক্যাডাররা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর (সিআরপিএফ) শীর্ষ আধিকারীকদের কাছে আত্মসমর্পণ করেছে ৩৩ জন মাওবাদী। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছত্তিশগড়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মাওবিরোধী অভিযান আরও গতি পেয়েছে। ২০২৪ সালে বস্তার অঞ্চলে নিরাপত্তাবাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে ২৮৭ জন মাওবাদীর। গ্রেপ্তার হয়েছে হাজারেরও বেশি, পাশাপাশি আত্মসমর্পণ করেন ৮৩৭ জন। এরপর চলতি বছরে মাত্র ৩ মাসে এখনও পর্যন্ত ১৩০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। শুধুমাত্র বস্তার রেঞ্জে সংখ্যাটা ১১০। এই পরিস্থিতিতে রীতিমতো চাপে পড়েছে মাওবাদীরা। তাঁদের তরফে সরকারের সঙ্গে শান্তি আলোচনারও প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও সরকারের তরফ থেকে এ বিষয়ে কোনও বক্তব্য প্রকাশ্যে আসেনি। এই পরিস্থিতিতে নিরাপত্তাবাহিনীর হাতে মৃত্যুর চেয়ে আত্মসমর্পণই শ্রেয় বলে মনে করছেন মাওবাদীরা। প্রশাসনের তরফে জানা গিয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে ২ জনের মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা করে, আরও ২ জনের ৫ লক্ষ টাকা করে। ৭ জনের মাথার দাম ছিল ২ লক্ষ টাকা করে, ৫০ হাজার টাকা মাথার দাম ছিল আরও এক মাওবাদীর। সবমিলিয়ে মোট ১৭ জন মাওবাদীর মাথার দাম ছিল ৪০ লক্ষ ৫০ হাজার টাকা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য-সহ মাওবাদী পুনর্বাসন নীতি মেনে চাকরি-সহ আরও নানান সাহায্য করা হবে সরকারের তরফে।
