ভারী বৃষ্টিপাতের সঙ্গে মেঘভাঙা বৃষ্টি ৷ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ ৷ ধরমশালায় জলবিদ্যুৎ প্রকল্পের কাজ করতে গিয়ে ভেসে যান অন্তত ২০ জন শ্রমিক ৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাংড়া জেলার মানুনি খাদে গতকাল মেঘভাঙা বৃষ্টির কারণে হঠাৎ করে জলস্তর বৃদ্ধি পায়, সেই সময়ই ঘটে যায় অঘটন ৷ দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে ৷ এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন ৷ প্রশাসন সূত্রে খবর, মেঘভাঙা বৃষ্টির জেরে সবথেকে ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশের কুলু এবং কাংড়া জেলার বিস্তীর্ণ এলাকা। বুধবার কাংড়ায় ইন্দিরা প্রিয়দর্শিনী জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন ১৫-২০ জন শ্রমিক ৷ সেই সময় মানুনি খাদে জল বাড়তে শুরু করে ৷ সেখানকার দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন, বৃষ্টির কারণে প্রকল্পের কাজ স্থগিত করা হয়েছিল ৷ তাই শ্রমিকরা ঘটনাস্থলের কাছে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বিশ্রাম নিচ্ছিলেন ৷ সে সময় তাঁরা জলের তোড়ে ভেসে যান ৷ খাদ থেকে দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে ৷