উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে রুদ্রপ্রয়াগের অলকানন্দা নদীতে পড়ল টেম্পো ট্র্যাভলার ৷ চালক-সহ গাড়িটিতে ১৯ জন তীর্থযাত্রী ছিলেন ৷ দুর্ঘটনায় এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । বেশ কয়েকজনকে উদ্ধার করা গেলেও ১০ জন যাত্রীর এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের মতে, বদ্রীনাথধামের দিকে যাওয়ার পথে টেম্পো ট্রাভেলারটি খাদে গড়িয়ে গিয়ে অলকানন্দা নদীতে পড়ে ৷ তবে সে সময় ৯ জন গাড়ি থেকে এদিক-ওদিক ছিটকে পড়ে যান বলে জানা গিয়েছে ৷ তাঁরা কোনওরকমে পাহাড়ে আটকে যান। বাকিদের নিয়ে গাড়িটি নদীতে পড়ে যায়। ইতিমধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘোলতির থানার পুলিশ এবং স্থানীয় গ্রামবাসীরাও উদ্ধারকাজে হাত লাগান ৷ রুদ্রপ্রয়াগের এসডিআরএফ দলও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেছে ।