আইন কলেজে গণধর্ষণের মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম ৷ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে এই তদন্ত রিপোর্ট জমা দিল ডিসি এসএসডি (সাউথ সাবার্বান) ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বাধীন সিট । বৃহস্পতিবার বন্ধ খামে এই রিপোর্ট জমা দেওয়া হয় । এই রিপোর্টের কপি নির্যাতিতার আইনজীবীকে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট । তবে সেই কপি কোনওভাবেই সংবাদমাধ্যম বা অন্য কোনও এজেন্সিকে দেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ । পাশাপাশি আদালতের নির্দেশ, পরবর্তী তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট চার সপ্তাহ পরে জমা দিতে হবে রাজ্যকে । সিটের সঙ্গে কসবা থানার তদন্তকারী অফিসারও এদিন রিপোর্ট জমা দিয়েছেন কলকাতা হাইকোর্টে ।

