নিম্নচাপ বাংলা থেকে সরে গিয়েছে ৷ তবে, সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু ৷ এর প্রভাবে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস দিল জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ সরে যাওয়ায় বৃষ্টির দাপট ইতিমধ্যেই কমেছে । যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি । আর্দ্রতার পরিমাণও রয়েছে বেশি । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ জুলাই দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে । উত্তরবঙ্গের কালিম্পং, মালদা ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা । ২৯ জুলাই দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, নদিয়া, হুগলি, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে । উত্তরবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সঙ্গে বজ্রবিদ্যুৎপাতেরও সম্ভাবনা রয়েছে । ৩০ জুলাই দক্ষিণবঙ্গের, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে । উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ ৩১ জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। ১ অগস্ট দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে জারি করা হয়েছে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা ।

