শিশু দত্তক নেওয়ার বিষয়ে এখনও ভারত খুবই জটিল পদ্ধতির মধ্যে দিয়ে যায়। তার উপর এই গোটা প্রক্রিয়া অত্যন্ত সময়সাপেক্ষ। এই অসুবিধের কথা এবার মেনে নিল দেশের সর্বোচ্চ আদালত। ভারতে শিশু দত্তক নেওয়ার প্রক্রিয়া ‘কষ্টকর ও হতাশাজনক’ বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে ওই সংক্রান্ত জটিল ও সময়সাপেক্ষ আইনি প্রক্রিয়া সরল করার কথা পর্যবেক্ষণে জানিয়েছে বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ। এ বিষয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার আবেদনের ন্যায্যতা কার্যত মেনে নিয়েছে শীর্ষ আদালত। ২০২২ সালে ওই স্বেচ্ছাসেবী সংস্থা শীর্ষ আদালতে শিশু দত্তক নেওয়ার দীর্ঘ আইনি প্রক্রিয়াটিকে আরও সহজ করার জন্য আবেদন জানিয়েছিল। তাদের দাবি ছিল, ভারতে ‘সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি’-র অধীনে একটি সন্তান দত্তক নেওয়ার জন্য তিন থেকে চার বছর সময় লেগে যায়, অথচ লক্ষ লক্ষ শিশু অপেক্ষায় থাকে। অভিযোগের ভিত্তিতে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান পীযূষ সাক্সেনাকে এ সংক্রান্ত রিপোর্ট তৈরি করতে বলেছিল শীর্ষ আদালত। সেই রিপোর্টেও ওই অভিযোগই উঠে এসেছিল।