বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ফের বিরাট ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ৷ শুক্রবার স্বাধীনতা দিবসে পটনার গান্ধি ময়দানে জাতীয় পতাকা উত্তোলনের পর আগামী কয়েক বছরের মধ্যে রাজ্যে এক কোটি সরকারি চাকরি এবং অন্যান্য কর্মসংস্থানের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে, সরকারি চাকরি পরীক্ষার ফি মুকুবের কথাও ঘোষণা করেছেন তিনি। এদিন কর্মসংস্থানের কথা বলতে গিয়ে নীতিশ বলেন, “এর আগে, আমরা ১০ লক্ষ সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখন আমরা রাজ্যের এক কোটি যুবক-যুবতীকে চাকরি এবং কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার একটি নতুন লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছি ৷ প্রাথমিকভাবে আট লক্ষেরও বেশি যুবককে সরকারি চাকরি দেওয়া হয়েছিল। পরে ২০২০ সালে, ‘সেভেন রেজোলিউশন-২’-এর আওতায় ১২ লক্ষ সরকারি চাকরি এবং ৩৮ লক্ষ কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। এখন পর্যন্ত, ১০ লক্ষ সরকারি চাকরি হয়েছে এবং ৩৯ লক্ষ লোককে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া গিয়েছে। সামনের বিধানসভা নির্বাচনের আগে ৫০ লক্ষেরও বেশি লোককে নিয়োগ করা হবে। আগামী পাঁচ বছরে, এক কোটি যুবককে চাকরি এবং কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে ৷” এদিন নীতিশ আরও বলেন, “প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির প্রাথমিক স্তরে অংশগ্রহণকারী সকল প্রার্থীর ফি ১০০ টাকা করা হবে এবং প্রধান পরীক্ষার জন্য কোনও ফি দিতে হবে না ৷” এই পদক্ষেপের ফলে বিহার পাবলিক সার্ভিস কমিশন, বিহার স্টাফ সিলেকশন কমিশন, বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশন এবং পুলিশে নিয়োগের মতো বিভিন্ন কমিশন দ্বারা পরিচালিত পরীক্ষায় অংশগ্রহণকারী কয়েক লক্ষ যুবক-যুবতী উপকৃত হবে বলেই মনে করছে সরকার ৷

