গত ৫ বছরে রাশিয়া ও ভারতের মধ্যে বাণিজ্য ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং নয়াদিল্লি এখন রাশিয়ার শীর্ষ তিন বাণিজ্যিক অংশীদারের মধ্যে রয়েছে ৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে রুশ উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের বৈঠকের পর এবং ভারতে অবস্থিত রুশ দূতাবাসের তরফে এ কথা জানানো হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্ক তিন দিনের রাশিয়া সফরে আছেন। মস্কোতে আইআরআইজিসির বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি, তিনি সেখানে ভারত-রাশিয়া বাণিজ্যিক ফোরামের বৈঠকে ভাষণ দেবেন। এর আগে, মস্কোতে তাঁর সরকারি সফরে, বিদেশমন্ত্রী দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহিদ সেনাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ভারত-রাশিয়া আন্তঃবাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতা কমিশনের (IRIGC-TEC) ২৬ তম অধিবেশনেও অংশগ্রহণ করেন। জয়শঙ্কর জানান যে, এই বছরের শেষ নাগাদ অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতির জন্য আইআরআইজিসির বার্ষিক শীর্ষ সম্মেলন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। জয়শঙ্কর বলেন যে, “২০২৪ সালের নভেম্বরে নয়াদিল্লিতে শেষ অধিবেশনের প্রায় ১০ মাস পর আমরা এখানে বৈঠক করছি এবং আমার মনে হয় এটি সম্ভবত দুটি অধিবেশনের মধ্যে সবচেয়ে কম ব্যবধান। গত চার বছরে, যেমনটি আপনি দেখেছেন, আমাদের দ্বিপাক্ষিক পণ্য বাণিজ্য পাঁচ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এটি ২০২১ সালে ১৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২০২৪-২৫ সালে ৬৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এবং এটি ক্রমাগত বাড়ছে।”জয়শঙ্ক আরও বলেন, “এই বৈঠকটি একটি জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতির পটভূমিতে অনুষ্ঠিত হচ্ছে এবং দুই দেশের নেতারা একে অপরের সঙ্গে ক্রমাগত এবং ঘনিষ্ঠভাবে সংযুক্ত রয়েছেন।” রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ভারতের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার বলেন, জটিল ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলায় ভারত ও রাশিয়াকে সৃজনশীল এবং উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ করতে হবে। মস্কোতে রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের সঙ্গে বৈঠকের সময় জয়শঙ্কর এই মন্তব্য করেন।

