এসসিও সম্মেলনে যোগ দিতে চিনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সাত বছর পর চিন সফরে এলেন ভারতের প্রধানমন্ত্রী ৷ ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর দু’দিন ব্যাপী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন হচ্ছে তিয়ানজিন শহরে ৷ ভারতীয় সময় শনিবার সকালে জাপান থেকে রওনা দেন তিনি ৷ রাশিয়া থেকে তেল কেনার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ২৫ শতাংশ বাড়তি শুল্কের বোঝা চাপিয়েছেন ৷ সব মিলিয়ে ৫০ শতাংশ শুল্কের চাপে আমেরিকায় ভারতের পণ্য রফতানি নিয়ে উদ্বিগ্ন বাণিজ্য মহল ৷ এর ফলে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে চাপানউতোর চলছে ৷ এমন সময়ে প্রধানমন্ত্রীর চিন সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ তিয়ানজিনে পৌঁছনোর আগে প্রধানমন্ত্রী মোদি জাপানে দাঁড়িয়ে বলেন, “বিশ্বে অর্থনৈতিক স্থিরতা আনতে ভারত ও চিনের একসঙ্গে কাজ করাটা গুরুত্বপূর্ণ ৷” এসসিও সম্মেলনে যোগ দিতে তিয়ানজিনে আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্য কয়েকটি রাষ্ট্রের নেতারাও ৷ এই সম্মেলনের ফাঁকে রবিবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

