ইডির অভিযানে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসের সামনে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সিআরপিএফের পাশাপাশি বিপুল সংখ্যক র্যাফ। সূত্রের খবর, কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই আইপ্যাকের অফিস চত্বরে নিরাপত্তা বলয় আরও আঁটসাঁট করা হয়েছে। এক কর্তার কথায়, “অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।” সোমবার সকালে কলকাতায় আইপ্যাকের অফিসে হানা দেয় ইডি। একই সঙ্গে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও শুরু হয় তল্লাশি। সেই খবর ছড়াতেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে প্রথমে প্রতীক জৈনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পরে তিনি পৌঁছন সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতরে। তাঁর সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। পরে সেখানে হাজির হন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
উল্লেখ্য, সাধারণত অভিষেক প্রচার শেষে রাতে কলকাতায় ফিরে এলেও বুধবার রাতে তিনি ফেরেননি। দুই দিনাজপুরে কর্মসূচির পর মালদহেই ছিলেন । আর বৃহস্পতিবার ভোরেই শুরু হয় ইডি অভিযান – যা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে । এই ঘটনার ফলে নির্বাচনের আগে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কিছুটা হলেও ‘রাজনৈতিক অক্সিজেন’ পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল । রাজ্য বিজেপির একাংশের অভিযোগ ছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বারবার তলব করলেও শাসকদলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বড় পদক্ষেপ করা হয়নি । সেই আবহেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরের এক সপ্তাহের মধ্যে এই অভিযান নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিল । ঘটনাচক্রে, বৃহস্পতিবারই কলকাতায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা । তাঁর সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের বৈঠক হওয়ার কথা । তার ঠিক আগের দিন আইপ্যাকের দফতরে ইডি হানা নিয়ে আলোচনা তুঙ্গে রাজ্য রাজনীতিতে ৷

