নিউটাউনের আবাসিক এলাকার সিনার্জি বিল্ডিংয়ে ভয়াবহ আগুন ৷ বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে । চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় ৷ স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন । এদিন সিনার্জি বিল্ডিংয়ের পঞ্চম এবং ষষ্ঠতলায় আগুন লাগে বলে জানা গিয়েছে ৷ আগুনের লেলিহান শিখা একের পর এক ওই ভবনের দোতলার জিনিসপত্র গ্রাস করতে থাকে । কিন্তু পঞ্চম এবং ষষ্ঠ তলায় আগুন লাগার কারণে, দমকলকর্মীদের আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় ৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে চলে আগুন নিয়ন্ত্রণের কাজ ৷ বিল্ডিংয়ের কাঁচ ভেঙে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন দমকলকর্মীরা ৷ পাশাপাশি, ঝোড়ো হাওয়ার কারণে আশেপাশে আগুন ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে বলে জানান দমকল কর্মীরা । জানা গিয়েছে, ওই ভবনের পাশেই একটি ট্রান্সফর্মার রয়েছে ৷ যার জেরে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা ৷ কারণ যে কোনও মুহূর্তে বড়সড় বিপদ ঘটতে পারে ৷ দমকলকর্মীদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে । তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি ৷ দমকল বাহিনীর তরফে জানা যায়, যে বহুতলে আগুন লেগেছে তার আশপাশে বেশকিছু আবাসিক বাড়ি এবং দোকানও রয়েছে তাই পরিস্থিতি যে কোনও মুহূর্তে ভয়াবহ হতে পারে ৷ এদিকে, এই ঘটনার ঠিক আগের দিন অর্থাৎ বুধবার সন্ধ্যায় আনন্দপুরের নোনাডাঙা বস্তি সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । এদিন সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় । মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ৷ খবর পেয়ে দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় । তবে আগুন কীভাবে লেগেছে তা এখনও জানা যায়নি ।

