নির্বাচন কমিশনের খাতায় ‘মৃত’। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর তালিকায় নাম নেই তাঁদের। তবে বাস্তবে তাঁরা জীবিত। দিল্লির চাণক্যপুরীর নয়া বঙ্গভবনে সাংবাদিক বৈঠকে তেমনই কয়েকজন ‘ভূতে’র পরিচয় করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির সংবাদমাধ্যমের সামনে তাঁদের দেখিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। এর আগে বাংলার মাটিতে দাঁড়িয়ে একাধিক জনসভায় এভাবেই ‘ভূতে’দের সামনে এনেছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এবারের দিল্লি সফরে মমতার সঙ্গে রয়েছেন এসআইআর ‘ভুক্তভোগী’দের পরিবার। তাঁদের মধ্যে কেউ এসআইআর ‘আতঙ্কে’ মৃতদের পরিবার। আবার কেউ কেউ রয়েছেন এসআইআর-এর ‘চাপে’ নিহত বিএলও-র পরিজন। মঙ্গলবার তাঁদের সকলকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা। পাশেই ছিলেন অভিষেক। কমিশনকে দুষে মমতা বলেন, “তথ্য অসংগতির তালিকা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। তারা নাম বদলে দিচ্ছে। বিজেপি নেতাদের অবজার্ভার করে পাঠাচ্ছে। আমি সবাইকে দোষ দিচ্ছি না। আমি কমিশনকে সম্মান করি। তবে কয়েকজন তোতাপাখির মতো কাজ করছেন।” ভবানীপুর থেকে ভোটার বাদ প্রসঙ্গও এদিন আরও একবার তুলে ধরেন মমতা। তাঁর দাবি, “আমার বিধানসভায় প্রায় ২ লক্ষের মতো ভোটার রয়েছে। তথ্য অসংগতি দেখিয়ে ৪৫ হাজারের নাম বাদ দিয়েছে। ইআরওরা জানেই না। বিজেপির সীমা খান্না বসে রয়েছেন কমিশনে। নাম বাদ দিচ্ছেন। গতকাল আমি বলেছি কমিশনকে, আপনারা হত্যাকারী। গণতন্ত্রে কে সরকার নির্বাচন করে, কমিশন করে নাকি?” কমিশনের বিরুদ্ধে নিয়মভঙ্গেরও অভিযোগ তোলেন মমতা। বুধবার আবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। ওই মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণে নজর রয়েছে সকলের।


