সীমান্ত সংঘর্ষের জেরে টানাপড়েন এমনিতেই চরমে, তার মাঝে হামলা ৷ পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের সম্পর্কে নতুন সঙ্কট ডেকে এনেছে । সোমবার মাঝরাতে কাবুলের রিহ্যাব হাসপাতাল কেঁপে ওঠে পাকিস্তানের মিসাইল হামলায় ৷ যার জেরে মৃত্যু হয়েছে অন্তত ৪০০ জনের ৷ মঙ্গলবার ভোরে এমনটাই এক্স পোস্টে জানিয়েছেন তালিবান সরকারে ডেপুটি মুখপাত্র হামদুল্লা ফিতরাত ৷ তালিবান সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে । ইতিমধ্যেই আহতের সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে ৷ পাকিস্তানি হামলায় হাসপাতালের একটা বড় অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে বলে দাবি করেছে তালিবান সরকার । তবে ইসলামাবাদ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে । তারা জানায়, সোমবার কাবুল ও পূর্ব আফগানিস্তানের কোনও অসামরিক জায়গায় বিমান হামলা হয়নি । পাকিস্তান সরকার জানিয়েছে, তারা শুধু দু’টি অঞ্চলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ৷ স্থানীয় সময় (সোমবার) রাত ৯টা নাগাদ আফগানিস্তানের রাজধানী কাবুলের ওই রিহ্যাব হাসপাতালে হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে ৷ আফগানিস্তান সরকারের সহকারী মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এক্স পোস্টে লিখেছেন, “মিসাইল হামলায় কাবুলের হাসপাতালে আঘাত হানা হয়েছে ৷ যার জেরে ২০০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের একটি বড় অংশ ধ্বংস হয়ে গিয়েছে । হামলায় প্রাণ গিয়েছে ৪০০ জনের ৷ প্রায় ২৫০ জন আহত হয়েছে।” স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলিতে বেশকিছু ফুটেজ দেখা গিয়েছে ৷ বীভৎস ওই দৃশ্যে দেখা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপে দাউ দাউ করে আগুন জ্বলছে । দমকলকর্মীরা তা নেভানোর চেষ্টা করছেন । যেখানে যেখানে ধোঁয়া বেরচ্ছে সেখানে উদ্ধারকর্মী ও নিরাপত্তাকর্মীরা টর্চলাইট জ্বালিয়ে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন ৷