উত্তরাখণ্ডের দেরাদুনে দুটি গাড়ির রেষারেষিতে মৃত্যু হল একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ারের৷ সকালে হাঁটতে বেরিয়ে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। জানা গিয়েছে, সকালে একটি গাড়িকে ওভারটেক করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এরপর একটি গাড়ির চালক অন্য গাড়িটিকে ধাওয়া করার সময় গুলি চালাতে শুরু করে। রাস্তার পাশে প্রাতঃভ্রমণে থাকা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মুকেশ জোশী গুলিতে গুরুতর জখম হন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটির সিসিটিভি ফুটেজও সামনে এসেছে, যেখানে গুলির শব্দ স্পষ্টভাবে শোনা যাচ্ছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি সাদা ফরচুনার এবং একটি কালো স্করপিও গাড়ি সরু রাস্তা দিয়ে দ্রুতগতিতে ছুটে যাচ্ছে। গাড়িকে ওভারটেক করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদে স্করপিওর আরোহীরা ফরচুনারটিকে ধাওয়া করে এবং সেটি থামাতে এর টায়ারে গুলি চালায়। সকালে হাঁটতে বের হওয়া লোকজনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন। এই ঘটনায় সাদা ফরচুনার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা দূরে গিয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি গাছে ধাক্কা মারে। পুলিশের প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে, প্রাতঃভ্রমণে বের হওয়া অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মুকেশ জোশী দুই গাড়ির এই রেষারেষি-বিবাদে চলা গুলিতে গুরুতর জখম হন৷ হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ফরচুনার গাড়িতে থাকা দুজনও আহত হন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে দেরাদুনের এসএসপি প্রমোদ দোবাল এবং সিটি এসপি প্রমোদ কুমার-সহ ঊর্ধ্বতন পুলিশকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ, এলাকার নিরাপত্তাও বাড়ানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার করতে আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
