বঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে তৈরি বিজেপি  তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম নির্বাচনী সভার সূচিতে বড়সড় রদবদল করা হলো। ৫ এপ্রিল আলিপুরদুয়ারে মোদির প্রথম সভা করার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। পরিবর্তে ওই দিনই কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার মাঠে জনসভা করবেন তিনি। যদিও আলিপুরদুয়ারের সভা কেন বাতিল করা হলো, তা নিয়ে বিজেপির তরফে স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি। গত ১৪ মার্চ ব্রিগেডের সভা থেকে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছিলেন মোদি। তারপরই উত্তরবঙ্গকে পাখির চোখ করে তাঁর এই প্রচারসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলীয় সূত্রে খবর, কোচবিহারের সভার পাঁচ দিন পর অর্থাৎ ১০ এপ্রিল ফের উত্তরবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী। সেদিন শিলিগুড়িতে প্রায় ৩ কিলোমিটার জুড়ে একটি বর্ণাঢ্য রোড শো করার কথা রয়েছে তাঁর। ২০১৯-এর লোকসভা নির্বাচন থেকে উত্তরবঙ্গ পদ্মশিবিরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেই গড় ধরে রাখতেই উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় ভোটগ্রহণ হবে, যার মধ্যে প্রথম দফাতেই রয়েছে উত্তরবঙ্গের আসনগুলি। ৫ এপ্রিল কোচবিহারের রাসমেলা মাঠের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।