রাজ্যের বিভিন্ন দফতরের একাধিক আমলা(আইএএস), আইপিএস(পুলিশ আধিকারিক), ওসি, বিডিও-সহ 267 জনকে বদলির জন্য কমিশনের বিরুদ্ধে দায়ের করা দু’টি জনস্বার্থ মামলাই খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ মামলা খারিজের এই নির্দেশ দেন । তবে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল জানাতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে । নির্বাচন কমিশনের ব্যাপক বদলির সিদ্ধান্তের বিরোধিতা করে তৃণমূল সাংসদ তথা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফে মামলাকারী আইনজীবী অর্ক নাগ জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন । একইসঙ্গে বিভিন্ন থানার আইসি, ওসি ও ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)দের বদলি করার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা মামলা ও খারিজ করে দেন প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ । মামলার শুনানিতে এদিন নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী জোর সওয়াল করেছিলেন যে, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা যায় না । পাশাপাশি পশ্চিমবঙ্গ ছাড়া দেশের অন্য পাঁচ রাজ্যেও বিধানসভা নির্বাচন হচ্ছে । সে সব রাজ্যেও আধিকারিকদের বদলি করা হয়েছে ৷ এমনকি এ রাজ্যে তুলানায় অন্যান্য রাজ্যে বেশি সংখ্যায় বদলি করা হয়েছে বলে জানান কমিশনের আইনজীবী ।সব বক্তব্য শুনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশে পরিষ্কার জানিয়েছেন জনস্বার্থ মামলা খারিজ করে দেওয়া হল । এই বিষয়ে পর্যবেক্ষণের উল্লেখে হাইকোর্টের পর্যবেক্ষণ, সরকারি চাকরিতে স্বাভাবিক নিয়মেই বদলি করা হয় । এই বদলির বিরুদ্ধে কোনও আধিকারিকের যদি আপত্তি থাকে তিনি আবেদন জানাতে পারেন । সেক্ষেত্রে আলাদা করে বিবেচনা করার নীতি আইনে রয়েছে । কিন্তু এই বদলির ফলে জনস্বার্থের কোনও ক্ষতি হয়েছে বলে আদালতের মনে হয়নি । নির্বাচন কমিশনের এই বদলির সিদ্ধান্তের ফলে রাজ্য প্রশাসন ভেঙে পড়েছে বা রাজ্য প্রশাসনের জনকল্যাণমুখী কাজে প্রভাব পড়েছে তেমন উদাহরণ দেখাতে পারেননি মামলাকারী ৷ 27 মার্চ রাজ্যের বিভিন্ন দফতরের IAS ও IPS-দের বদলির জনস্বার্থ মামলা শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ ৷ সেই মামলাও মঙ্গলবার খারিজ করে দিয়েছে ৷ ওসি ও বিডিও-সহ 267 জন আধিকারিককে বদলির বিরুদ্ধে দ্বিতীয় মামলার জন্য 30 মার্চ হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মামলার আবেদন ও দ্রুত শুনানির অনুমতি চেয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর আবেদনে সাড়া দিয়ে মামলা দায়েরের অনুমতি দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ সেই মামলা দায়েরের একদিন পর শুনানির সময় তা খারিজ করে দিল বেঞ্চ ৷