মালদায় বিচারবিভাগের আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় এবার কঠোরভাবে হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট ৷ সাত আধিকারিকদের ঘেরাও করে রাখার ঘটনায় সিবিআই (CBI) অথবা এনআইএ (NIA)-এর তদন্ত চাইতে পারে নির্বাচন কমিশন ৷ কমিশনকে সেই মোতাবেক সিবিআই বা এনআইএ তদন্তের আর্জি জানানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে, মালদার ঘটনায় পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলেও এদিন মন্তব্য করে প্রধান বিচারপতির বেঞ্চ ৷ মালদার ঘটনায় জেলাশাসক, পুলিশ সুপারকে শো-কজ করার পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট তলব করেছে সুপ্রিমকোর্ট ৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, বিচারবিভাগীয় আধিকারিকদের মনোবল ভেঙে দেওয়া এবং নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার লক্ষ্যে এটি একটি সুপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলে মনে হচ্ছে । সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে যে, বিচারবিভাগের আধিকারিকদের উপর মানসিক আঘাত হানার উদ্দেশে কাউকে হস্তক্ষেপ করতে বা আইন নিজের হাতে তুলে নিতে তারা দেবে না । এই ঘটনা কেবল বিচারবিভাগীয় আধিকারিকদের ভীতি প্রদর্শনেরই একটি নির্লজ্জ প্রচেষ্টা নয়, বরং এই ঘটনা শীর্ষ আদালতের কর্তৃত্বকেও চ্যালেঞ্জ করার সামিল বলেও মনে করছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পাশাপাশি এদিন শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ বলেছে, মালদা জেলায় তিন মহিলা-সহ সাতজন বিচারবিভাগের আধিকারিকদের রাতভর ঘেরাও করে রাখার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। SIR (এসআইআর) সংক্রান্ত কাজে নিয়োজিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের ঘেরাও করে রাখা হয়েছিল—সেখানকার বিক্ষোভের বিষয়টি সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে ৷

