গতকাল নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবের উদ্বোধন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই নালন্দায় এক গৃহবধূকে প্রকাশ্যে জনসমক্ষে ধর্ষণের চেষ্টার ভিডিয়ো ছড়িয়ে পড়ল সোশাল মিডিয়ায় ৷ বিহারের ঐতিহ্যবাহী নালন্দা জেলার নুরসরাই থানা এলাকার অজয়পুর গ্রামে এই জঘন্য ঘটনাটি ঘটেছে 26 মার্চ ৷ এর চারদিন পর গতকাল এই শ্লীলতাহানির ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ নির্যাতিতা পরকীয়ায় জড়িত, শুধু এই সন্দেহের বশে কয়েকজন উন্মত্ত মানুষ তাঁকে প্রকাশ্যে ধর্ষণের চেষ্টা করে ৷ সামনে উপস্থিত জনতার সবাই এই দৃশ্য উপভোগ করতে থাকে ৷ তারা কেউ কোনও প্রতিবাদ করেনি ৷ উল্টে গৃহবধূকে যৌন হয়রানি, তাঁকে ধর্ষণের চেষ্টার ভিডিয়ো রেকর্ড করেছে দুষ্কৃতীরা ৷ বিহারের ডিজিপি বিনয় কুমার বলেন, “নূরসরাই থানা এলাকায় এক নারীর উপর যৌন নিপীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে চিহ্নিত ও গ্রেফতার করা হয়েছে ৷ তৃতীয় এক অভিযুক্ত এখনও পলাতক ৷ তাঁকে গ্রেফতারের উদ্দেশে তল্লাশি অভিযান চলছে ৷ খুব শীঘ্রই তাকেও গ্রেফতার করা হবে ৷ দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে ৷”

