দু’শোর উপর রান তাড়া করে 26 বল বাকি থাকতে জয় এসেছিল প্রথম ম্যাচে ৷ শুরুটা চ্যাম্পিয়নের মতো করার পর আইপিএলের দ্বিতীয় ম্য়াচে এসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বোঝাল খেতাব ধরে রাখার লক্ষ্যেই এবার নেমেছে তারা ৷ টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের তৃতীয় সর্বাধিক রান স্কোর করে চেন্নাই সুপার কিংসকে হেলায় হারাল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ অন্যদিকে রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংসের পর রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে 43 রানে পরাস্ত হয়ে হারের হ্যাটট্রিক ইয়েলো ব্রিগেডের ৷ প্রথম ম্যাচের নায়ক কোহলির ইনিংস 28 রানের বেশি না-এগোলেও টস হেরে প্রথম ব্যাটিং করা আরসিবি এদিন ‘বিরাট’ স্কোর খাড়া করে বাকি চার ব্যাটারের সৌজন্যে ৷ আরেক ওপেনার ফিল সল্ট করেন 30 বলে 46 রান ৷ গত ম্যাচের মতোই ইমপ্যাক্ট-সাব হয়ে নেমে হাফসেঞ্চুরি দেবদূত পারিক্কলের ৷ 29 বলে 50 করে ফেরেন বাঁ-হাতি ব্যাটার ৷ মারেন পাঁচটি চার ও দু’টি ছক্কা ৷ এক চার ও ছয় ছক্কায় 19 বলে অপরাজিত 48 রানের ক্যামিয়ো খেলেন অধিনায়ক রজত পাতিদার ৷ তবে অংশুল কম্বোজ, নূর আহমেদ, জেমি ওভার্টনদের ঠেঙিয়ে সবচেয়ে ভয়ঙ্কর ইনিংসটি আসে টিম ডেভিডের ব্যাটে ৷ এর মধ্যে 19তম ওভারে ওভার্টনকে পিটিয়ে 30 রান সংগ্রহ করেন সিঙ্গাপুর-জাত অজি ব্যাটার ৷ 21 বলে হাফসেঞ্চুরি করে ডেভিড শেষপর্যন্ত 70 রানে নটআউট থাকেন ৷ তাঁর 25 বলের ইনিংসে ছিল আটটি ছক্কা ও তিনটি চার ৷ ম্যাচের সেরা তিনিই ৷ একটি উইকেট নিলেও সর্বাধিক চার ওভারে 52 রান দেন কম্বোজ ৷ ব্যাটারদের সম্মিলিত দাপটে 20 ওভারে তিন উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 250 তোলে আরসিবি ৷ জবাবে সরফরাজ খানের 25 বলে 50 কিংবা সওয়া 14 কোটির প্রশান্ত বীরের 29 বলে 43 রান চেন্নাইয়ের জয়ের জন্য যথেষ্ট ছিল না ৷ দারুণ বোলিং করেন ইমপ্যাক্ট-সাব সুয়াস শর্মা ৷ চার ওভারে মাত্র 21 রান দিয়ে এক উইকেট নেন লেগস্পিনার ৷ তবে আরসিবি’র হয়ে সর্বাধিক তিন উইকেট পেসার ভুবনেশ্বর কুমারের ৷ যুজবেন্দ্র চাহালের পর দ্বিতীয় বোলার হিসেবে আইপিএলে 200 উইকেটের মাইলস্টোন ছুঁলেন তিনি ৷ শেষপর্যন্ত দু’শো পার করলেও লক্ষ্যমাত্রার অনেক আগে থামে সিএসকে ৷ 19.4 ওভারে 207 রানে অলআউট হয়ে যায় পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷