সাতসকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁ থানা এলাকায় বাসন্তী হাইওয়ে । একটি দ্রুতগামী চারচাকা গাড়ির সঙ্গে একটি যাত্রী বোঝাই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন তিনজন । বুধবার সকাল সাতটা নাগাদ মিনাখাঁ গ্রাম পঞ্চায়েত অফিসের ঠিক সামনে দুর্ঘটনাটি ঘটে ৷ এই ঘটনায় গুরুতর আহত আরও অন্তত 10 জন যাত্রী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন । ঘটনা প্রসঙ্গে ওই দুর্ঘটনাকবলিত অটোর আহত যাত্রী লক্ষণ মণ্ডল জানান, অটোরিক্সাটি বেশ কয়েকজন যাত্রী নিয়ে মালঞ্চ থেকে কলকাতার দিকে আসছিল । সেই সময় ঠিক উল্টো দিক থেকে অর্থাৎ কলকাতা থেকে ফেরার পথে একটি অত্যন্ত দ্রুতগামী চারচাকা গাড়ি মিনাখাঁ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সরাসরি অটোটিকে সামনে থেকে সজোরে ধাক্কা মারে । গতির দাপটে দুই যানের এই মুখোমুখি সংঘর্ষে অটোটি কার্যত খেলনার মতো দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে । প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে অটোর ভেতরে থাকা যাত্রীদের চিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে । ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান । দুর্ঘটনার খবর পেয়েই মিনাখাঁ থানার পুলিশ এবং ওই এলাকায় ডিউটিতে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কালবিলম্ব না করে দ্রুত উদ্ধারকাজে হাত লাগান । রক্তাক্ত অবস্থায় জখম 10 জনকে উদ্ধার করে প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের তড়িঘড়ি কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় । পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷ ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে খবর ।