আজ বুধবারও দক্ষিণবঙ্গজুড়ে ঝড়বৃষ্টি চলবে । কমলা সতর্কতা জারি করা হয়েছে । দমকা হাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকবে । ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত দমকা হওয়ার গতিবেগ হতে পারে । তাই আজ মৎস্যজীবীদের সাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমানে ভারী (7 থেকে 11 সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা । একই সঙ্গে এই জেলাগুলিতে ঘণ্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিতে কালবৈশাখী ঝড় হতে পারে । গত কয়েকদিনের মতো কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস । ঝড়ের গতিবেগ ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার হতে পারে । হাওয়া অফিস জানাচ্ছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঝড়বৃষ্টির জোরালো সম্ভাবনা । বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে । শুক্রবার থেকে ঝড়বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে । দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় হালকা বৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গের আটটি জেলাতেই আজ বুধবার ঝড়বৃষ্টি হবে । জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে । বাকি জেলায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার পূর্বাভাস রয়েছে । আগামিকাল বৃহস্পতিবার উপরের পাঁচটি জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে । বাকি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শুক্রবারও উপরের পাঁচটি জেলার তিনটিতে অর্থাৎ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে । বাকি পাঁচ জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস । শনিবার থেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি কমতে পারে । সপ্তাহান্তে মোটের ওপর শুষ্ক আবহাওয়া বিরাজ করবে ।