মেদিনীপুরের সভা থেকে ‘মাছে-ভাতে’ বাঙালিকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মাছ নিয়ে বিজেপির বিরুদ্ধে যে লাগাতার প্রচার চালিয়ে এসেছে তৃণমূল ঘুরপথে তার জবাব দেওয়ার জন্য হলদিয়া শিল্পতালুককেই বেছে নিলেন প্রধানমন্ত্রী ৷ আর বৃহস্পতিবার সমুদ্র উপকূল জেলা থেকে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, “15 বছরের শাসনকালে তৃণমূল আপনাদের মাছটুকুও খাওয়াতে পারেনি ৷ প্রধানমন্ত্রী বলেন, “গত 11 বছরে ভারতের মাছের উৎপাদন দ্বিগুণ হয়েছে ৷ কিন্তু বাংলায় তৃণমূল সরকারের পাপের জন্য মাছ উৎপাদনও কমে গিয়েছে ৷” আর তারপরই প্রধানমন্ত্রীর সাফ বার্তা, বিজেপি ক্ষমতায় এলে মাছ উৎপাদনের পাশাপাশি মৎস্যজীবীদের জীবনের মান ভালো করার জন্যও একাধিক পদক্ষেপ নেওয়া হবে ৷ মাছ-মাংস খাওয়া নিয়ে নিয়মিত বিজেপিকে নিশানা করে থাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়-সহ তৃণমূলের সর্বস্তরের নেতা-নেত্রীরা ৷ এমনকী প্রতিটি জনসভা থেকেই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বলতে শোনা গিয়েছে, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে বাঙালির মাছ-মাংস খাওয়ার উপর খাঁড়া নেমে আসবে ৷ এ ব্যাপারে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাতের উদাহরণও টানতে দেখা গিয়েছে তৃণমূল নেতা-নেত্রীদের ৷ এবার এ নিয়ে জবাব দিলেন প্রধানমন্ত্রী ৷ আর তার জন্য পূর্ব মেদিনীপুরের মাটিকেই সে ক্ষেত্রে বেছে নিয়েছেন প্রদানমন্ত্রী ৷ এদিনের সভা থেকে তৃণমূলকে আক্রমণ শানাতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি জানান, বাঙালিকে মাছ খাওয়া থেকে বঞ্চিত করেছে তৃণমূল ৷ রাজ্যে মৎস্য উৎপাদন, চাহিদা বৃদ্ধির পাশাপাশি প্রধানমন্ত্রী মৎস সম্পদ স্কিমও লাগু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, “গত 11 বছরে ভারতের মাছ উৎপাদন ডাবল হয়েছে ৷ কিন্তু বাংলায় তৃণমূল সরকারের পাপের জন্য মাছ উৎপাদনও কমে গিয়েছে ৷ বিহারও আগে অন্য রাজ্য থেকে মাছ আনত ৷ এখন বিজেপি সরকারের আমলে বিহারে মাছ উৎপাদন দ্বিগুণ বেড়েছে ৷ এখন বিহার অন্য রাজ্যে মাছ রফতানি করে ৷” মোদি আরও বলেন, “বাংলায় মাছের চাহিদা বিপুল ৷ কিন্তু এখনও বাংলা মৎস্য উৎপাদন স্বনির্ভর হতে পারেনি ৷ অন্য রাজ্য থেকে মাছ কিনে আনে ৷ অন্য রাজ্যের উপর নির্ভর করতে হয় ৷ এখানেও দুর্নীতি করেছে তৃণমূল ৷ প্রধানমন্ত্রী মৎস সম্পদ স্কিম লাগু করেছে কেন্দ্র ৷ কিন্তু এখানে অহঙ্কারি তৃণমূল সরকার তা লাগু করেনি ৷ ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎসজীবীরা ৷” তাঁর দাবি, যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানেই মাছ উৎপাদনে অনেকটাই এগিয়ে গিয়েছে ৷ এর কারণ ওই রাজ্যগুলি কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ স্কিম লাগু করেছে ৷ প্রধানমন্ত্রী বলেন, “বিজেপি ক্ষমতায় আসার পর দেশে প্রথমবারের মতো পৃথক মৎস্য মন্ত্রক তৈরি হয়েছে ৷ মৎসজীবী এবং তাঁদের পরিবারের কল্যাণের জন্য এই মন্ত্রক কাজ করছে ৷ তাদের জন্য আলাদা বাজেট করছে কেন্দ্র ৷ এদের জন্য 5 লাখ বিমাও বিজেপি সরকারই দিয়েছে ৷”