প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া সারা দেশে ৷ শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং তাবড় রাজনৈতিক নেতা-মন্ত্রীরা ৷ গতকাল হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন 92 বছর বয়সি আশা ভোঁসলে ৷ রবিবার মুম্বইয়ের মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী ৷ আগামিকাল বিকেল 4টের সময় মুম্বইয়ের শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে । চারের দশকে মারাঠি ও বলিউডে গান গাওয়া দিয়ে তাঁর পথ চলা শুরু ৷ এরপর একবিংশ শতকেও নতুন নায়িকাদের হয়ে গান গেয়েছেন তিনি ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোশাল মিডিয়ায় লিখেছেন, ” কিংবদন্তি গায়িকা হিসেবে তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ভারতের সঙ্গীত জগতের একটি যুগকে চিহ্নিত করেছে ৷ তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে সময় কাটানোর বেশ কিছু মধুর স্মৃতি আমার মনে এখনও গেঁথে আছে ৷ শিল্পী এবং ব্যক্তি হিসেবে তিনি নিজের শর্তে জীবন অতিবাহিত করেছেন ৷ সুমধুর ও কালজয়ী কণ্ঠস্বর দিয়ে তিনি দশকের পর দশক ধরে ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করে গিয়েছেন ৷ তাঁর সঙ্গীত চিরকাল অমর হয়ে থাকবে ৷ তাঁর প্রয়াণ সঙ্গীতপ্রেমীদের জন্য এক অপূরণীয় ক্ষতি ৷ তাঁর পরিবারবর্গ এবং অগণিত ভক্ত-অনুরাগীর প্রতি আমি আমার গভীর সমবেদনা জ্ঞাপন করছি ৷” সোশাল মিডিয়ায় শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, “ভারতের ইতিহাসে অন্যতম কিংবদন্তি ও বহুমুখী কণ্ঠশিল্পী আশা ভোঁসলে’জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত ৷ দশকের পর দশক ধরে বিস্তৃত তাঁর অসাধারণ সঙ্গীত-যাত্রা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বজুড়ে অগণিত মানুষের হৃদয় স্পর্শ করেছে ৷” প্রধানমন্ত্রীর আরও সংযোজন, “হৃদয়স্পর্শী সুরমাধুর্য হোক কিংবা প্রাণবন্ত সুরসজ্জা—তাঁর কণ্ঠে সর্বদা এক কালজয়ী দীপ্তি বিদ্যমান ছিল। তাঁর সঙ্গে আমার যে আলাপচারিতা হয়েছে, তা আমি চিরকাল সযত্নে লালন করব ৷ তা তাঁর হৃদয়স্পর্শী সুরমাধুর্যই হোক কিংবা প্রাণবন্ত সুরসজ্জা— তাঁর কণ্ঠে সর্বদা এক কালজয়ী দ্যুতি বিদ্যমান ছিল ৷ তাঁর সঙ্গে আমার যে আলাপচারিতা বা সান্নিধ্যের সুযোগ হয়েছিল, তা আমি চিরকাল সযত্নে লালন করব ৷” শেষে প্রধানমন্ত্রী লিখেছেন, “তাঁর পরিবার-পরিজন, গুণমুগ্ধ ভক্তবৃন্দ এবং সংগীতপ্রেমীদের প্রতি রইল আমার গভীর সমবেদনা ৷ তিনি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবেন এবং তাঁর গানগুলো মানুষের জীবনে চিরকাল প্রতিধ্বনিত হতে থাকবে ৷” লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি সোশাল মিডিয়ায় এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন ৷ তিনি লিখেছেন, “কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলের প্রয়াণের সংবাদ অত্যন্ত বেদনাদায়ক ৷ তাঁর কণ্ঠের মাধ্যমে তাঁর শিল্প আমাদের মাঝে চিরকাল অমর হয়ে থাকবে ৷ এই শোকের মুহূর্তে তাঁর প্রিয়জন ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল ৷” রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করে লিখেছেন, “মহান সঙ্গীত-প্রতিভা আশা ভোঁসলের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত ৷ তিনি একজন অনুপ্রেরণাদায়ক ও সম্মোহনী কণ্ঠশিল্পী, যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের হৃদয়ে রাজত্ব করেছেন ৷ তিনি বহু বাংলা গানও গেয়েছেন এবং বাংলায়ও তিনি অত্যন্ত জনপ্রিয় ৷ 2018 সালে আমরা তাঁকে রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মাননা ‘বঙ্গবিভূষণ’-এ ভূষিত করতে পেরেছিলাম ৷ তাঁর পরিবার-পরিজন, শিল্পীমহল এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ ভক্তের প্রতি রইল আমার গভীর সমবেদনা ৷”