ফের খবরের শিরোনামে তমলুকের বিজেপি সহসভাপতি প্রলয় পাল ৷ তাঁর সঙ্গে এক মহিলার অশালীন চ্যাটের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ যা নিয়ে সরগরম রাজনৈতিক মহল ৷ যদিও ছড়িয়ে পড়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বঙ্গ নিউজ ৷ তমলুক সাংগঠনিক জেলা বিজেপি’র সহসভাপতি প্রলয় পাল যিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এবং অমিত শাহের সঙ্গে ছবিতে দেখা গিয়েছে ৷ নেতার ‘কুকীর্তি’ সামনে আসতেই ধিক্কার জানিয়েছেন বুদ্ধিজীবীরা।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি প্রলয় পাল এক মহিলার সঙ্গে অশালীন চ্যাট করেছেন। একদিকে মহিলার সঙ্গে ফোনে প্রলয় পাল কথা বলছেন আর অপরদিকে চ্যাট বক্সে অশালীন ছবি পাঠাচ্ছেন। ফোনে কথা বলার প্রসঙ্গও অশালীন চ্যাট সংক্রান্ত ৷ যা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ)। এমন কোনও ঘটনা ঘটেনি বলেই দাবি বিজেপি নেতার।
এবিষয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, “বিজেপি মহিলা বিদ্বেষী । এটা বারবার প্রমাণিত হয়েছে। এবার প্রলয় পাল যিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এবং অমিত শাহে’র সঙ্গে ছবিতে দেখা গিয়েছে তাঁর অশালীন ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ যা ন্যক্কারজনক ঘটনা। যারা মহিলাদের সঙ্গে এমন অশালীন আচরণ করেন, তাঁদের মানুষ বিধানসভা নির্বাচনে যোগ্য জবাব দিয়ে দেবে। তবে ভোটের মুখে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়ো রীতিমতো অস্বস্থিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব ৷

