বীরভূমে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে ‘গুন্ডারাজ’-এর অভিযোগ তুললেন অমিত শাহ। তিনি দাবি করেন, ৪ মে-র পর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি তৃণমূলের কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৩ এপ্রিল ঘরে থাকাই ভাল, না হলে ৫ মে-র পর তাঁদের জেলে ভরা হবে। তাঁর ‘উল্টে ঝুলিয়ে…!’ মন্তব্যেও বড় শোরগোল ভোটের ময়দানে। দেখে নেওয়া যাক কী কী হুমকি দিয়েছেন তিনি প্রচারে এসে। সোমবার বীরভূমের বোলপুরে পল্লীমঙ্গল ক্লাবের মাঠে জনসভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ। তাঁর অভিযোগ, ২০২১ সালের ভোটের পর বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালানো হয়েছে। তিনি বলেন, “আপনারা মমতার সরকারকে টাটা-বাই করে দিন। কাটমানি ও সিন্ডিকেটের রাজ শেষ করতে হবে।” মহিলা নিরাপত্তা ইস্যুতেও রাজ্য সরকারকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, বাংলায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। বিজেপি ক্ষমতায় এলে এমন পরিস্থিতি তৈরি করা হবে, যাতে রাতের সময়ও মহিলারা নিরাপদে বেরোতে পারেন। দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, শিক্ষক নিয়োগ, রেশন, মনরেগা এবং আবাস যোজনায় একাধিক অনিয়ম হয়েছে। তাঁর দাবি, এই দুর্নীতি রুখতে পারে শুধুমাত্র বিজেপি। অনুপ্রবেশ প্রসঙ্গেও তৃণমূলকে নিশানা করে শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বের করে দেওয়া হবে। পাশাপাশি ‘ডবল ইঞ্জিন সরকার’ গঠনের আশ্বাস দিয়ে উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। জনসভা শেষে বোলপুর থেকেই খয়রাশোল এবং পশ্চিম বর্ধমানে আরও কর্মসূচি রয়েছে শাহের। সভামঞ্চে উঠে নিরাপত্তারক্ষীদের সরিয়ে দিয়ে তিনি নির্দেশ দেন, সকলকে চেকিং ছাড়াই সভাস্থলে প্রবেশ করতে দেওয়া হোক।

