দক্ষিণ ২৪ পরগনার আক্রা-সন্তোষপুর এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৪০টি ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, ষোলো বিঘা বসতির মোট ৫০ থেকে ৬০টি ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছে রেললাইনের ওভারহেড তার, যার জেরে বজবজ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর রেললাইন সংলগ্ন পুরাতন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার আচমকা আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বস্তি এলাকায়। একের পর এক ঝুপড়ি আগুনের গ্রাসে চলে যায়। জানা গিয়েছে, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হতে শুরু করে, যার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুন থেকে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, দূর থেকেও সেই ধোঁয়া দেখা যায় বলে জানিয়েছেন বাসিন্দারা। প্রথমদিকে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। জল ঢেলে ও বিভিন্নভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যান।

