গাজিয়াবাদের 13 তলার এক আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগে ৷ বুধবার সকালে ওই আবাসনের আট তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ সেখানে বেশ কয়েকজন মানুষ ভিতরে আটকে পড়ে থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে ৷ গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানা এলাকার অন্তর্গত ‘গৌর গ্রিন অ্যাভিনিউ সোসাইটি’-তে হঠাৎ করেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত হয় ওই বিল্ডিংয়ের আট তলায় ৷ অল্প সময়ের মধ্যেই সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ ক্রমেই সেই আগুন বিধ্বংসী আকার ধারণ করে। পাশের রাস্তা দিয়ে যাতায়াতকারী পথচারীরা বিল্ডিং থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকার দৃশ্য ক্যামেরাবন্দিও করেন। তবে ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ওই আবাসনের কর্তৃপক্ষ ভিতরে আটকা পড়া অনেক বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়ে যায় ৷ দমকলকে দ্রুত খবর দেওয়া হয়। দমকল বিভাগের একটি দল ঘটনাস্থলে হাজির হয় ৷ বর্তমানে উদ্ধার কাজ পুরোদমে চলছে। দমকল আধিকারিক রাহুল পালের মতে, “আমাদের দমকলকর্মীরা আগুন নেভাতে জোরকদমে কাজ করেছে ৷ আশা করা হচ্ছে যে, খুব শীঘ্রই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে।” প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছনো প্রথম দমকল ইঞ্জিনটি আট তলা পর্যন্ত পৌঁছতে পারেনি ৷ যার ফলে আগুন নেভানোর কাজে কিছুটা বিলম্ব হয়। এর প্রায় আধ ঘণ্টা পর নয়ডা থেকে একটি হাইড্রোলিক দমকল ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে আসা হয়। দমকলকর্মীদের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের একটি দলও ঘটনাস্থলে এসে পৌঁছেছে। দমকল বিভাগের কর্মীদের পাশাপাশি, পার্শ্ববর্তী ভবনগুলির কমিটির সদস্যরাও আগুন নেভানোর কাজে সহায়তা করছেন। স্থানীয়রা পাশের একটি ভবনে উঠে পাইপের মাধ্যমে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। বর্তমানে ধারণা করা হচ্ছে যে, অগ্নিকাণ্ডের ফলে অন্তত 10টি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত বা ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যার ফলে বাড়ির লিফটগুলিও বন্ধ হয়ে যায়। উপরের তলাগুলিতে আটকা পড়া মানুষজন চিৎকার-চেঁচামেচি শুরু করেন এবং সাহায্যের জন্য আকুতি জানাতে থাকেন। অগ্নিকাণ্ডের এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ধারকাজ চলছে ৷