বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে বাংলার প্রথম বিজেপি সরকার শপথগ্রহণ করতে পারে৷ বিজেপি সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে৷ আজ, সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে৷ এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, সেই সময়ের হিসেব অনুযায়ী, 171টি আসনে জয়ী হয়েছে বিজেপি৷ এগিয়ে আছে 37টি আসনে৷ সব মিলিয়ে 208টি আসন বিজেপির দখলে আসতে চলেছে৷ ফলে বাংলায় বিজেপির সরকার গঠন যে এখন সময়ের অপেক্ষা, তা বলার প্রয়োজনই নেই৷ এই পরিস্থিতিতে তাই সরকার গঠনের প্রতিশ্রুতি শুরু করে দিয়েছে বিজেপি৷ গেরুয়া শিবির সূত্রে খবর, এই সপ্তাহের শেষে, অর্থাৎ শনিবার এই শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে৷ শনিবার দিনটিকেও বাছা হয়েছে বাঙালি অস্মিতার কথা মাথায় রেখে৷ কারণ, শনিবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন৷ সেই কারণে শনিবার দিনটিকেই বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের জন্য চূড়ান্ত করার বিষয়ে ভাবনাচিন্তা করছে বিজেপি৷ উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে গিয়েছিলেন যে বিজেপির সরকারের শপথে তিনি আবার আসবেন৷ ফলে শনিবার হোক বা অন্যদিন প্রধানমন্ত্রী মোদি অবশ্যই যে আসবেন, তা বলাই বাহুল্য৷ তাঁর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য এবং বিজেপির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও হয়তো থাকবেন৷ তবে কারা কারা থাকবেন, সেই বিষয়টি এখনও স্পষ্ট হয়নি৷ পাশাপাশি স্পষ্ট হয়নি যে বিজেপি কাকে এ রাজ্যে মুখ্যমন্ত্রী করবে৷ ফলে শপথগ্রহণে অতিথিদের তালিকার পাশাপাশি মুখ্যমন্ত্রী কে হবেন, সেই উত্তর জানতেও আগ্রহী বঙ্গবাসী৷