রাজধানী দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার আশঙ্কায় হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। সূত্রের খবর, গোয়েন্দা সতর্কবার্তার পরেই ভারতীয় জনতা পার্টির (BJP) কেন্দ্রীয় কার্যালয় এবং সংলগ্ন সরকারি ভবনগুলিতে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, দিল্লির দীন দয়াল উপাধ্যায় (DDU) মার্গের অফিসগুলিকে টার্গেট করতে পারে জঙ্গিরা। আত্মঘাতী হামলা, গাড়ি বোমা বিস্ফোরণ কিংবা আইইডি (IED) বিস্ফোরণের মাধ্যমে নাশকতার ছক কষা হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই এলাকাটি রাজনৈতিক ও প্রশাসনিকভাবে অত্যন্ত সংবেদনশীল হওয়ায় পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।