ফলঘোষণার পর থেকে টানা পাঁচ দিনের জল্পনা, উত্তেজনার পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। রবিবার সকাল 10টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়ামে শপথ নিলেন বিজয়। স্টেডিয়ামজুড়ে টিভিকে দলের কর্মী-সমর্থক থেকে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷

জীবনের এই ঐতিহাসিক দিনে বিজয়ের পরনে ছিল কালো ব্লেজার, সাদা শার্ট, কালো প্যান্ট ৷ তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর তামিলভূমের নয়া মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান ৷ এদিন বিজয়ের সঙ্গেই শপথ নেন আরও 9 জন মন্ত্রী। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিও। সোশাল মিডিয়ায় তামিলগড়ের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা DMK ও ADMK-কে সরিয়ে এবার তামিনাড়ুরবাসী বেছে নেন বিজয়ের দলকেই। থালাপতির দল তামিলাগা ভেট্রি কাজাগাম (TVK)-কে সরকার গড়তে পূর্ণ সমর্থন দিয়েছে কংগ্রেস, সিপিএম, সিপিআই-সহ পাঁচটি দল। শপথ গ্রহণের মঞ্চে মুখ্যমন্ত্রী এবং তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর প্রধান সি জোসেফ বিজয় বলেন, “এই আবেগঘন মুহূর্তে কীভাবে শুরু করব বা কী বলব, তা আমি জানি না। আমি কোনও রাজ পরিবার থেকে আসিনি। আমি আপনাদের মধ্যে থেকেই আপনাদের পরিবারের সদস্যের মতো, ভাইয়ের মতো। আপনারা আমাকে ভালোবেসে গ্রহণ করেছেন এবং সিনেমায় একটি বড় জায়গা দিয়েছেন ৷”