মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী । প্রশাসনিক সূত্রের খবর, আগামী ২০ মে তিনি এই গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গ সফরে যাবেন । সেখানে শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি বিশেষ প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর । উত্তরবঙ্গ সফর শেষ করেই আগামী ২১ মে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরেও একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজে গতি আনতে, জেলাওয়াড়ি উন্নয়নের পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সাধারণ মানুষের অভাব-অভিযোগের সরাসরি সমাধান করতেই মুখ্যমন্ত্রীর এই জোড়া সফর বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে । রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই প্রশাসনের সর্বস্তরে কড়া নজরদারি এবং জবাবদিহিতা নিশ্চিত করার কাজ শুরু করেছে নতুন সরকার । মুখ্যমন্ত্রী পদে বসার পর কলকাতা এবং নবান্নের পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও যে নতুন সরকার সমানভাবে নজর দিচ্ছে, সেই বার্তা দিতেই এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহল । নবান্ন সূত্রে খবর, আগামী 20 মে উত্তরবঙ্গে পৌঁছে তিনি সরাসরি প্রশাসনিক স্তরের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন । এই বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, মহকুমা শাসক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে । মূলত উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পূর্বতন সরকারের আমলে থমকে থাকা নানা প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে এই বৈঠকে বিশদে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে । পাশাপাশি, উত্তরবঙ্গের চা-বাগান এলাকার শ্রমিকদের সমস্যা এবং পাহাড়ের উন্নয়নমূলক কাজ নিয়েও মুখ্যমন্ত্রী বিশেষ বার্তা দিতে পারেন বলে প্রশাসনিক মহলের ধারণা ।

উত্তরবঙ্গের সফর সেরে মুখ্যমন্ত্রী ফিরে আসবেন দক্ষিণবঙ্গে । তবে সরাসরি নবান্নে নয়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২১ মে দুর্গাপুরে আরও একটি প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন শুভেন্দু অধিকারী । রাজ্যের অন্যতম প্রধান শিল্পনগরী দুর্গাপুর এবং সংলগ্ন আসানসোল এলাকার প্রশাসনিক কাজকর্ম, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি এবং ওই এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সেখানে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গিয়েছে ।