তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত একটি কথিত নোটিশ ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে গিয়েছে । কলকাতা পুরনিগমের (কেএমসি) প্যাডে তৈরি ওই নোটিশটি বিজেপি ‘আনঅফিসিয়ালি’ বা অলিখিতভাবে সংবাদমাধ্যমে ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের । এই ঘটনায় সরাসরি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস(AITC) । দলের তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানানো হয়েছে, এই নোটিশ এবং তা নিয়ে গত কয়েকদিন ধরে চলা সংবাদমাধ্যমের খবর সম্পূর্ণ বানানো, মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত । একই সঙ্গে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে জোড়াফুল শিবির ৷ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জারি করা এই প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে, বিজেপির আইটি সেল এবং তাদের প্রথম সারির নেতারা রাজনৈতিক ফায়দা লুটতেই এই ন্যারেটিভ বা বয়ান তৈরি করেছেন । ওই নোটিশে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তির উল্লেখ করার পাশাপাশি দলের অন্যান্য প্রথম সারির নেতাদের নামও জড়ানোর চেষ্টা করা হয়েছে । তৃণমূলের বক্তব্য, এই পুরো বিষয়টি সাজানো এবং এর কোনও আইনি বা প্রশাসনিক বিশ্বাসযোগ্যতা নেই । বিরোধী শিবিরের দেওয়া তথ্যের সত্যতা যাচাই না-করেই সংবাদমাধ্যমের একটি বড় অংশ একতরফাভাবে এই খবরটি প্রচার করে চলেছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক । সংবাদমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলে এই বিবৃতিতে সাংবাদিকদের প্রতি একটি কড়া বার্তাও দেওয়া হয়েছে । তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, একজন সাধারণ নৈতিকতাবোধ এবং পেশাদারিত্ব সম্পন্ন সাংবাদিকও যদি ওই নোটিশে উল্লিখিত ঠিকানাগুলিতে যান কিংবা সেখানে দেওয়া ফোন নম্বরগুলিতে যোগাযোগ করেন, তবেই সত্যটা সামনে চলে আসবে । কিন্তু তা না-করে শুধুমাত্র বিজেপির সরবরাহ করা তথ্যের ওপর ভিত্তি করে একতরফা খবর পরিবেশন করা হচ্ছে । সংবাদমাধ্যমকে এই ধরনের বানানো পোস্ট এবং ভুয়ো খবর প্রচার করা থেকে বিরত থাকার এবং আরও বেশি সংবেদনশীল ও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানিয়েছে তৃণমূল । এর পাশাপাশি, এই অপপ্রচারের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এরপরও যদি কোনও সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিভ্রান্তিকর বা মানহানিকর খবর পরিবেশন করা হয়, তবে দল তা হালকাভাবে নেবে না । এই ধরনের ভুয়ো রিপোর্টিং এবং উদ্দেশ্যপ্রণোদিত পোস্টের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত আদালতে কঠোর আইনি পদক্ষেপ করা হবে ।