পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের পাথরডি স্বাস্থ্য কেন্দ্রে সেখানকার ব্লক স্বাস্থ্য আধিকারিককে হেনস্থা করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার বিজেপি নেতাকে শোকজ করল বিজেপি। বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে তাদের শোকজ নোটিশ পাঠানো হয়েছে। ভোট পরবর্তী এই ঘটনায় সরকারি কাজে বাধা ও ব্লক স্বাস্থ্য আধিকারিককে হেনস্থা করার ঘটনাকে লজ্জাজনক ও দল বিরোধী কাজের আখ্যা দেওয়া হয়েছে। ওই চার বিজেপি নেতাকে আপাতত দলীয় কাজ থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে। সেই সঙ্গে 7 দিনের মধ্যে তাদের কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে। বাঘমুন্ডি ব্লকের পাথরডি স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিককে হেনস্থা করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যে চারজনকে শোকজ করা হয়েছে তাঁরা হলেন, রাকেশ মাহাতো, যিনি জেলা পরিষদের সদস্য তথা বাঘমুন্ডি ব্লকের আহ্বায়ক। এর সঙ্গে বিজয় মোহন সিংহ, যিনি বাঘমুন্ডি ব্লক সহ-আহ্বায়ক। এছাড়া, অরুণ চন্দ্র মাঝি, মণ্ডল 4 সভাপতি এবং মিঠুন কুমার, মণ্ডল 4 যুব মোর্চা সভাপতি। এই ঘটনা নিয়ে অভিযুক্তরা মুখ খুলতে চাননি। তবে জেলা পরিষদের সদস্য রাকেশ মাহাতো এই প্রসঙ্গে বলেন, “ওই স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশার কারণে সেখানকার স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম অনুমতি নিয়েই। উত্তপ্ত বাক্য বিনিময় হলেও সেখানে হেনস্থার ঘটনা ঘটেনি। দল বিষয়টি লিখিত আকারে জানতে চেয়েছে ৷ আজকেই সভাপতির মাধ্যমে তার জবাবদিহি করব ।” বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাতো বলেন, “এটি রাজ্য নেতৃত্ব থেকে করা হয়েছে। আমাকে জানানো হয়েছে এই যা। এই বিষয়ে আমি কিছু মন্তব্য করব না, এটি সম্পূর্ণ আমাদের দলীয় বিষয় ।” গত 12 মে পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের পাথরডি স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিককে হেনস্থার অভিযোগ ওঠে চার বিজেপি নেতার বিরুদ্ধে। এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলেও শোরগোল পড়ে যায়। অভিযোগ, বাঘমুন্ডির প্রসূতিদের কেন ভিন্‌রাজ্যের হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলে পাথরডির স্বাস্থ্য আধিকারিকের জবাব চান চার বিজেপি নেতা (রাকেশ মাহাতো, বিজয় মোহন সিংহ, অরুণ চন্দ্র মাঝি এবং মিঠুন কুমার)৷ দুই পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময়ে স্বাস্থ্য আধিকারিককে হেনস্থার অভিযোগ ওঠে এই চার নেতার বিরুদ্ধে।