গুজরাতকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছে গেল রজত পাতিদার অ্যান্ড কোম্পানি ৷ চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের পর তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার খেতাব জয়ের খুব কাছে আরসিবি ৷ মঙ্গলবার ধরমশালায় আরসিবি’র জয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন রজত পাতিদার ৷ এরপর বাকি কাজটা সারলেন বোলাররা ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দেওয়া 255 রানের টার্গেট তাড়া করতে নেমে 162 রানে শেষ তারকাখচিত টাইটান্সের ব্যাটিং লাইন-আপ ৷ টস জিতে প্রথম কোয়ালিফায়ারে এদিন প্রত্যাশামতোই আরসিবি’কে প্রথম ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় টাইটান্স ৷ কিন্তু শুভমান গিলের সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফেরে ৷ মহম্মদ সিরাজ, কাগিসো রাবাদা সমৃদ্ধ টাইটান্স বোলিংকে ঠেঙিয়ে স্কোরবোর্ডে পাঁচ উইকেট হারিয়ে 254 রান তোলে আরসিবি ৷ যা আইপিএলে প্লে-অফের ইতিহাসে সর্বাধিক ৷ এক্ষেত্রে তিনবছর আগে গুজরাত টাইটান্সেরই 233 রানের নজির ভেঙে দেয় তারা ৷ 25 বলে 43 রান করেন বিরাট কোহলি ৷ 28 বলে সমসংখ্যক রান আসে ক্রুনাল পান্ডিয়ার ব্যাটে ৷ কিন্তু চ্যাম্পিয়নরা মূলত রানের পাহাড়ে চড়ে পাতিদারের ব্যাটে ৷ 21 বলে হাফসেঞ্চুরি পূর্ণ করা আরসিবি অধিনায়ক 33 বলে খেলে যান বিস্ফোরক 93 রানের ইনিংস ৷ পাঁচটি চার ও ন’টি ছক্কা হাঁকিয়ে ম্যাচের সেরা তিনি ৷ দু’টি উইকেট নিলেও চার ওভারে 54 রান খরচ করেন টাইটান্সের তারকা পেসার রাবাদা ৷ তিন ওভারে 46 রান দেন সিরাজ ৷ তুলনায় 39 রানে জোড়া উইকেটে খানিকটা উজ্জ্বল জেসন হোল্ডার ৷ জবাবে ন’বলে 14 রান করে সাই সুদর্শন দুর্ভাগ্যজনকভাবে হিট-উইকেট হয়ে ফেরেন ৷ সেই পতনের শুরু ৷ এরপর জ্যাকব ডাফি, ভুবনেশ্বর কুমার, রশিক দার’দের দাপটে 88 রানে আট উইকেট হারিয়ে বসে টাইটান্স ৷ শেষদিকে রাহুল তেওয়াটিয়ার 43 বলে 68 রান খানিকটা প্রতিরোধ গড়লেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না ৷ এদিন মাত্র দু’জন টাইটান্স ব্যাটার দু’অঙ্কের রান করতে সমর্থ হন ৷ সবমিলিয়ে 19.3 ওভারে মাত্র 162 রানে অলআউট হয়ে যায় টাইটান্স ৷ বুধবার এলিমিনেটরে হায়দরাবাদ ও রাজস্থানের মধ্যে জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবেন গিল’রা ৷ আরসিবি’র হয়ে 39 রানে সর্বাধিক তিন উইকেট নেন ডাফি ৷ দু’টি করে উইকেট ভুবনেশ্বর কুমার, রশিক দার ও ক্রুনাল পান্ডিয়ার ৷ 26 উইকেট সংগ্রহ করে এই ম্যাচের পরও টুর্নামেন্টে পার্পল ক্য়াপের দৌড়ে একই মেরুতে রইলেন রাবাদা ও ভুবি ৷ 92 রানে আরসিবি’র এই জয় প্লে-অফে সর্বাধিক ব্যবধানে জয়ের নজিরও বটে ৷

