নয়া বিজেপি সরকারের আমলে রাজ্য সরকারি কর্মচারীরা কবে পাবেন বকেয়া মহার্ঘভাতা ? আপাতত এই উত্তরের জন্য কর্মচারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ৷ বুধবার সুপ্রিম কোর্টে মহার্ঘভাতা মামলা এদিনের মতো মুলতবি হয়ে গেল ৷ 22 জুলাই মামলার পরবর্তী শুনানি ৷ সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চের নির্দেশ, পরবর্তী শুনানির দিন রাজ্যকে স্টেটাস রিপোর্ট অর্থাৎ অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা করতে হবে ৷ এদিন সলিসিটর জেনারেল (এসজি) তুষার মেহতা আদালতে জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন ৷ সেদিন বৈঠক থেকে একটি সমাধান সূত্র বেরবে বলে আদালতে জানান এসজি ৷ তাই মামলাটি আজকের মতো মুলতুবি রাখার আর্জি জানান তুষার মেহতা ৷ অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতকে জানান, ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের নোটিশ তাঁরা পেয়েছেন ৷ তাই মামলাটির শুনানি আগামী জুলাই মাসে করা হোক ৷

