বহুতল আবাসনের 15 তলা থেকে নীচে পড়ে এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে নিউটাউনে আকাঙ্ক্ষা মোড়ের কাছে একটি আবাসনে ৷ মৃতের নাম দীপক হিরাবাত (56) ৷ এই ঘটনাকে কেন্দ্র করে আবাসন জুড়ে চরম আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয় । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইকোপার্ক থানার পুলিশ । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যবসায়ী আকাঙ্ক্ষা মোড়ের কাছে অবস্থিত ‘সানরাইজ পয়েন্ট’ নামক ওই বহুতল আবাসনের বাসিন্দা ছিলেন । মঙ্গলবার রাতে আচমকাই আবাসনের নীচে একটি বিকট শব্দ শুনতে পান নিরাপত্তারক্ষী ও অন্যান্য আবাসিকরা । রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে নীচে পড়ে থাকতে দেখে তাঁরা সঙ্গে সঙ্গে ইকোপার্ক থানায় খবর দেন । খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেহটি উদ্ধার করে । এরপর দেহটি ময়নাতদন্তের জন্য বিধাননগর মহাকুমা হাসপাতালে পাঠানো হয় । ঘটনাটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে । তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক কোনও অশান্তির জেরে দীর্ঘদিনের মানসিক অবসাদ থেকেই হয়তো ওই ব্যবসায়ী 15 তলার ওপর থেকে ঝাঁপ দিয়ে চরম পদক্ষেপ করেছেন । তদন্তকারীরা ইতিমধ্যেই আবাসনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখছেন । ঘটনার সময় দীপক হিরাবাত ফ্ল্যাটে একাই ছিলেন কি না, বা শেষ কয়েক ঘণ্টায় তাঁর কাছে কেউ এসেছিল কি না, তা জানার চেষ্টা চলছে । পাশাপাশি, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে তাঁর মানসিক পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ।

